জুলাই ১২, ২০২৬, ০৮:২০ পিএম
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এ স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সদস্যরা। জানাজায় দলমত নির্বিশেষে রাজনীতিবিদরা অংশ নেন।বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিভিন্ন আইনজীবী সংগঠন ও শীর্ষ কর্মকর্তারাও তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। এর মধ্যে প্রধান বিচারপতি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ও ইউনিট এবং আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সুপ্রিম কোর্টের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন