জুলাই ১৩, ২০২৬, ১২:১৫ পিএম
আট বছরের বিরতির পর আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে পুনরায় নির্ধারিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এই রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।খুব শিগগিরই ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু করা হবে বলে নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।
তিনি জানান, ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রায় আট বছর পর এই রুটে ইউএস-বাংলার প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশ-নেপাল আকাশপথে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে সীমিতসংখ্যক বিমান সংস্থা এই রুটে ফ্লাইট পরিচালনা করছে।
নতুন করে ফ্লাইট চালু হলে যাত্রীরা ভাড়ায় প্রতিযোগিতা, সুবিধাজনক সময়সূচি এবং উন্নত সেবার সুযোগ পাবেন। নেপালগামী পর্যটক, ব্যবসায়ী এবং ধর্মীয় ভ্রমণকারীরা যাতায়াতের জন্য নতুন বিকল্প পাবেন। বিমান পরিবহন খাতের বিশ্লেষকদের মতে, এ রুটে প্রতিযোগিতা বাড়লে যাত্রীসেবার মানোন্নয়ন হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ বিধ্বস্ত হওয়ার পর এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
দীর্ঘ বিরতির পর কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার উদ্যোগকে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বহর বৃদ্ধি ও নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা ঘোষণার পর এটি ইউএস-বাংলার সম্প্রসারণ কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন