জুলাই ১৫, ২০২৬, ০৯:০৫ পিএম
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের স্বার্থে এই কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুরে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুনরায় পুলিশ সদর দপ্তরে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ৩০ জুলাই থেকে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন