বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জনগণের সেবক হিসেবে পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

জাতীয় ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৩:৩৯ পিএম

জনগণের সেবক হিসেবে পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

ছবি - সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই পুলিশ বাহিনীর মূল লক্ষ্য হওয়া উচিত। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর প্রশিক্ষণার্থীদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব।ভয়-ভীতি ও সব ধরনের প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান আইজিপি।

সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। নবীন কর্মকর্তাদের অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মতো অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরদের হাতে তিনি পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।