জুলাই ১৬, ২০২৬, ০৬:২৯ পিএম
পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রী শ্রী গিরিধারীজিউ জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দিরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশে একজন মুসলমান মানুষ সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পান, ঠিক তদ্রূপ সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীরাও পাবেন। সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের সব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করবে।প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার অসাম্প্রদায়িক সরকার। আমরা সব ধর্মকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। `ধর্ম যার যার, বাংলাদেশ সবার`—এই স্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে এগিয়ে যাবে।
রথযাত্রা অনুষ্ঠান ঘিরে জেলায় উৎসবের আবহ তৈরি হয়। মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনা শেষে শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রচলিত বিশ্বাসমতে, এই দিনে বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান জগন্নাথ। সাত দিন পর আবার মন্দিরে ফিরে আসেন তিনি। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। এরপর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা এই ঐতিহ্যবাহী রথযাত্রা পালন করে আসছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন