জুলাই ১৬, ২০২৬, ০৯:১৯ পিএম
সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই সাক্ষাতে বাহিনীদ্বয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন দুই প্রধান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর পারস্পরিক আস্থার এক অনন্য প্রতিফলন।সাক্ষাতের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী নৌবাহিনী প্রধানের এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আন্তঃবাহিনী সহযোগিতা জোরদার করার লক্ষে বাহিনীগুলোর এই ধরনের বৈঠক নিয়মিত চর্চার অংশ। উল্লেখ্য যে, সামরিক প্রথা অনুযায়ী বিদায়ী কর্মকর্তাদের বিদায় বেলায় সৌজন্য সাক্ষাৎ ও গার্ড অব অনার প্রদানের রীতি দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন