জুলাই ১৯, ২০২৬, ১০:৪৭ পিএম
শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।বাংলাদেশে দুই দিনের সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রমখাতে চলমান ব্যাপক সংস্কার কার্যক্রম, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।
শামা ওবায়েদ শ্রম সুশাসন জোরদার করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা প্রদান এবং বাংলাদেশ থেকে নিরাপদ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া সহজতর করতে আইএলও’র অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশীদারিত্ব কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, শ্রমখাতে বাংলাদেশের এই উল্লেখযোগ্য অগ্রগতি আইএলও গভর্নিং বডির আসন্ন অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে। একই সঙ্গে, আইএলও’র সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে বলেও তিনি প্রত্যাশা করেন।
কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো। তিনি বলেন, দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের বর্তমান সাফল্য অন্যান্য দেশের সঙ্গে আইএলও’র কাজের ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে। শ্রমখাতের সংস্কার, শোভন কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার এগিয়ে নিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রচেষ্টায় আইএলও’র অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।বাংলাদেশ এবং আইএলও`র মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করতে উভয় পক্ষই তাদের পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন