জুলাই ২০, ২০২৬, ০৩:৫৬ পিএম
জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, একই ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচার করার কোনো আইনি সুযোগ নেই। তাই জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমেই তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মেজর মোজাফফর বর্তমানে দেশে ফিরেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর মেজর মোজাফফরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের বিচার ইতিমধ্যে সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সিভিল আইনে আলাদা মামলা করার আইনি যৌক্তিকতা রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সীমান্ত এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এটি পশ্চিমবঙ্গ সরকারের বিষয় নয়। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে। বিজিবিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন