শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৫:০৩ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি - সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপর্শ পরিবেশে সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে বিদায়ী নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। পাশাপাশি, বাহিনীর সামগ্রিক দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকার উচ্চ প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান।

আগামী ২৩ জুলাই তিনি নতুন নৌপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, দেশের স্বার্থে ও সমুদ্রসীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়ন ও উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।