জুলাই ২২, ২০২৬, ০২:০৩ পিএম
সরকারি ব্যবস্থাপনার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরা হয়। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার আনুষ্ঠানিকভাবে নতুন প্যাকেজগুলো ঘোষণা করেন।
এই ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ তেরো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা।সংবাদ সম্মেলনে জানানো হয়, খাওয়া ও কোরবানিসহ বেসরকারি খাতের জন্য বিশেষ, সাধারণ এবং সাশ্রয়ী—এই তিন ধরনের প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ ধরা হয়েছে সাত লাখ একানব্বই হাজার ষাট টাকা, সাধারণ প্যাকেজের খরচ পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ পাঁচ লাখ তেরো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা।
গত বছরের তুলনায় এবার প্রতিটি প্যাকেজেই খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশেষ প্যাকেজ সাড়ে সাত লাখ, সাধারণ প্যাকেজ পাঁচ লাখ তেইশ হাজার এবং সাশ্রয়ী প্যাকেজ পাঁচ লাখ দশ হাজার টাকায় নির্ধারিত ছিল।
সে হিসাবে বিগত বছরের তুলনায় বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে একচল্লিশ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বাহাত্তর হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের ব্যয় তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ পালনের প্রক্রিয়া সহজতর করতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন