আগস্ট ২, ২০২৬, ১০:৫০ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও জলাতঙ্কের ভ্যাকসিন রোগীকে সরবরাহ না করা এবং নানা অব্যবস্থাপনা দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছিল।
রোববার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় কুকুরের কামড়ে আহত এক নারী চিকিৎসা নিতে আসলে জানা যায়, হাসপাতালে সরকারি ভ্যাকসিন না পাওয়ায় তিনি এক হাজার ত্রিশ টাকা দিয়ে বাইরে থেকে তা কিনেছেন।
সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে মন্ত্রী ওই রোগীর ব্যথানাশক বা ভ্যাকসিনের টাকা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধের নির্দেশ দেন।পরে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে জরাজীর্ণ পরিবেশ ও চিকিৎসাসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন মন্ত্রী।হাসপাতালগুলোকে আধুনিক ও মানসম্মত সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করার কাজ চলছে বলে তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন