আগস্ট ৩, ২০২৬, ১২:৫৯ পিএম
পরিবেশ পরিষ্কার রাখা এবং একটি আবর্জনামুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একা সরকারের পক্ষে এটি সম্ভব নয়, বরং দেশের প্রতিটি মানুষের সম্মিলিত সচেতনতাই দেশকে সুন্দর করে তুলতে পারে।সোমবার সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন চলাচলের অভিজ্ঞতা তুলে ধরেন। রাস্তাঘাট, বাজার এলাকা কিংবা উপজেলা পর্যায়ে যত্রতত্র প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও টিস্যুর মতো আবর্জনা ফেলে রাখার চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অথচ কয়েক দশক আগেও দেশের পরিবেশ এমন ছিল না বলে উল্লেখ করেন সরকারপ্রধান।পায়ে হেঁটে বা রিকশা-বাসে যাতায়াতকারী সাধারণ মানুষ এই ময়লার কারণে কষ্ট পান এবং দুর্গন্ধের মুখোমুখি হন।
পুকুরপাড় কিংবা বিনোদন পার্কগুলোতেও একই রকম আবর্জনা ফেলার প্রবণতা লক্ষ্য করার কথা জানান প্রধানমন্ত্রী। পরিবার নিয়ে ঘুরতে গিয়ে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ করেন তিনি। সামান্য সচেতনতা ও নিজস্ব অভ্যাসের পরিবর্তনই আমাদের চারপাশ সুন্দর রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।সকলে মিলে একটু চেষ্টা করলে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন