আগস্ট ১০, ২০২৬, ০৪:৫৭ পিএম
দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে এই সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে যে লাইসেন্স নবায়ন বা নতুন নেওয়ার ক্ষেত্রে দুই বছরের নির্ধারিত ফি এবং ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দিষ্ট পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র অনলাইনে গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান নারকোটিকস বা মাদকদ্রব্য ব্যবহার করে, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নারকোটিকস লাইসেন্সও গ্রহণ করার নিয়ম রাখা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সগুলোও দুই বছরের জন্য কার্যকর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এবং মহাপরিচালকের অনুমোদনক্রমে জারি করা এই আদেশে আরও বলা হয়েছে যে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা নিয়মিত প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন এবং শর্তের ব্যত্যয় ঘটলে লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন