আগস্ট ১৮, ২০২৬, ১২:১০ পিএম
ইউরোপের চার দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া এবং মলদোভায় অবস্থানরত নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার রাতে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন মাধ্যমগুলো পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনেক সময় এর অনুপযুক্ত ব্যবহার বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা কিংবা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও শেয়ার করার ক্ষেত্রে প্রবাসীদের স্থানীয় দেশের আইন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক, হুমকিমূলক বা বৈষম্যমূলক কনটেন্ট থেকে দূরে থাকার ওপর বিশেষ জোর দিয়েছে দূতাবাস।
সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো কনটেন্ট যেন পরোক্ষভাবে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করছে বলে মনে না হয়, সে বিষয়েও সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে সংযত ও সম্মানজনক আচরণের মাধ্যমেই যেকোনো অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা এড়ানো সম্ভব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রবাসীদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সরকারের গৃহীত নীতিমালার আওতায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট দেশগুলোতে বসবাসরত সকল বাংলাদেশিকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন