বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন এমপিদের ভোট

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৮:৩২ পিএম

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন এমপিদের ভোট

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন এক বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য প্রদানকালে তিনি একাধিকবার কান্নায় ভেঙে পড়েন এবং সহকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিকেল দুইটা থেকে শুরু হওয়া এই বৈঠকে সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্য তিনি সবার কাছে ক্ষমা চান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, তার এই আবেগপূর্ণ বক্তব্যে পুরো সভাকক্ষে এক গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও সভায় বক্তব্য রাখেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।