বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৭:২৪ পিএম

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা চার মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবন প্রাঙ্গণে প্রবেশ করে। নতুন রাষ্ট্রপতির অভিষেককে কেন্দ্র করে পুরো বঙ্গভবন চত্বরে সাজ সাজ রব এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বঙ্গভবনের দরবার হলে এই রাষ্ট্রীয় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সন্ধ্যায় নির্ধারিত সময়ের আগেই বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবনে উপস্থিত হন। এছাড়া তিন বাহিনীর প্রধানসহ সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।