রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

জাতীয় ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৭:৫৯ পিএম

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এর আগে একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালিত হয়।নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। 

এছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রিপরিষদের এই সম্প্রসারণের মাধ্যমে সরকারের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। 

শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সাথে নতুন সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, শপথের পর দ্রুতই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। দেশের প্রশাসনিক কাঠামোতে এই পরিবর্তনের ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।