বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জাতীয় ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৮:৩৬ পিএম

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ছবি : সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের তেইশতম বিশেষ বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তি নিয়ে যখন কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, ঠিক সেই সময়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গতিধারা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং বিদ্যমান অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতের সহযোগিতা সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচন করেছে। জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান যে বাংলাদেশ তাদের কাছে অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত দেশ এবং তারা অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে অত্যন্ত আগ্রহী।

সৌদি মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদানের উচ্চ প্রশংসা করেন এবং দেশটির বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।