শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভূমিকম্পসহ যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে ইতোমধ্যে সত্তর হাজার স্বেচ্ছাসেবক সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এই অধিবেশনে দুর্যোগ প্রস্তুতির নানা দিক তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী জানান, সম্ভাব্য ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। 

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় দেশজুড়ে এক লাখ স্বেচ্ছাসেবকের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা হচ্ছে, যারা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগকালীন সুশৃঙ্খলভাবে উদ্ধারকাজ চালাতে সক্ষম। উদ্ধার সরঞ্জাম সংগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রী ব্যাখ্যা করেন যে আধুনিক সরঞ্জামের তালিকা বেশ দীর্ঘ এবং ইতোমধ্যে সরকার বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করেছে। 

সংগৃহীত এসব সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসারসহ সরাসরি দুর্যোগ মোকাবেলার সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরে বণ্টন করা হয়েছে। এ ছাড়া আরও নতুন সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া বর্তমানে টেন্ডার পর্যায়ে রয়েছে। শুধুমাত্র সরকারি সংস্থার ওপর নির্ভর না করে দেশের বেসরকারি খাতের কাছে থাকা উদ্ধার সরঞ্জামেরও একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

তথ্যসূত্র: বাসস