সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:০৪ পিএম
ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের পর জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিনের চরম ভোগান্তি কাটিয়ে দেশের শিল্প-কারখানার পাশাপাশি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশন এবং বাসাবাড়ির রান্নায় গ্যাসের চাপ স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবার রাত থেকেই সঞ্চালন লাইনে গ্যাসের চাপ বাড়তে থাকায় নগরবাসীর প্রাত্যহিক জীবনে স্বস্তি ফিরছে।
রাজধানীর পরিবহন খাতে এই ইতিবাচক পরিবর্তনের প্রভাব সবচেয়ে স্পষ্ট। কয়েক দিন আগেও গ্যাস নিতে যেখানে যানবাহনকে প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, বৃহস্পতিবার সেখানে তেমন দীর্ঘ সারি চোখে পড়েনি। স্টেশনে প্রবেশের পর চালকদের অপেক্ষার সময় কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে নিয়মিত উত্তোলনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ জোরদার করা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভারী শিল্প-কারখানা, আবাসিক খাত ও সিএনজি স্টেশনগুলোতে সমানভাবে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে।
সরেজমিনে রাজধানীর মানিকনগরের বেস্ট ইস্টার্ণ সিএনজি ফিলিং স্টেশন, বকশীবাজারের সোনারবাংলা সিএনজি ফিলিং স্টেশন এবং গাবতলীর যমুনা সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশন ঘুরে দেখা গেছে স্বাভাবিক সরবরাহ পরিস্থিতি। স্টেশনগুলোর কর্মীরা জানান, বুধবার রাত থেকেই সঞ্চালন পাইপলাইনে পর্যাপ্ত চাপ মিলছে, যা বৃহস্পতিবার সারাদিন আরও বৃদ্ধি পেয়েছে।
চাপ স্বাভাবিক থাকায় এখন প্রতিটি যানবাহনকে তাদের চাহিদা অনুযায়ী দ্রুত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের দায়িত্বশীলরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন