সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৪৪ পিএম
বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করতে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন যে, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবা খাতে বাংলাদেশ এবং চীনের মধ্যে সুদীর্ঘকাল ধরে এক পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
এই পারস্পরিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশের প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যকার অংশীদারত্ব বাড়ানোর তাগিদ দেন তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে অবস্থিত মর্যাদাপূর্ণ হাইনান জেনারেল পিপলস হাসপাতাল সশর পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন।
বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রী চীনের খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠান ও শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশে আধুনিক মানের হাসপাতাল নির্মাণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন যে, বর্তমান সরকার চীনা বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের যেকোনো যৌথ প্রকল্পে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে।
পাশাপাশি বাংলাদেশি রোগীদের জন্য বিদেশে চিকিৎসাসেবা গ্রহণ সহজতর ও সুলভ করার লক্ষ্যে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসাসুবিধা ও আর্থিক ছাড় প্রদানের অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তার এই আহ্বানে সাড়া দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ গ্রিন মেডিক্যাল চ্যানেল এবং চিকিৎসাসেমায় বিশেষ ছাড় চালুর বিষয়ে ইতিবাচক সম্মতি জ্ঞাপন করেছে।
বৈঠকে হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি প্রতিনিধিদলের প্রস্তাবগুলোকে স্বাগত জানান। তিনি জানান যে, জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, উন্নত হাসপাতাল ব্যবস্থাপনা এবং সামগ্রিক স্বাস্থ্যশিল্পের আধুনিকায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে তারা গভীর আগ্রহী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন