সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৫৭ পিএম
নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের বক্তব্য পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে না।
আসন্ন রোজা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার সূচির কারণে আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার একটি সামগ্রিক পরিকল্পনা নিয়েছে কমিশন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ও তফসিল নির্ধারণের পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের হাতেই রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনের ব্যয়ের বিষয়ে মীর শাহে আলম জানান, পাঁচটি স্তরের স্থানীয় সরকার নির্বাচনে আনুমানিক ছয় হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এবং প্রয়োজনীয় এই বাজেট বরাদ্দ ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। একই ব্রিফিংয়ে সরকারি ভবনে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত একটি নতুন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সারা দেশের বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং হাটবাজার মিলিয়ে মোট ছয় হাজার পাঁচশত চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের মাধ্যমে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে তিনশত সত্তর কোটি টাকা ছাড় দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন