মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ: বাংলাদেশে এক বিলিয়ন ডলারের আগ্রহ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:২২ এএম

প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ: বাংলাদেশে এক বিলিয়ন ডলারের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সিলিকন ভ্যালিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা শেষে এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের প্রযুক্তি খাতের বাণিজ্যিক সম্ভাবনা, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্ব কাজে লাগিয়ে এ বিনিয়োগ কার্যকর করার ওপর জোর দেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‍‍`টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশস গ্রোথ‍‍` শীর্ষক এ আলোচনায় মূলত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়।

বক্তব্যে ববি হাজ্জাজ উল্লেখ করেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় পরিসর রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাতে মার্কিন কোম্পানিগুলোর পুঁজি বিনিয়োগের আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক দিগন্ত তৈরি করতে পারে। এ সুযোগ বাস্তবে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, গবেষণাগার তৈরি, দক্ষ প্রকৌশলী গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব নীতি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর চিপ প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প দেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও ভবিষ্যৎ কর্মসংস্থান তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি।

বৈঠকে অংশ নেওয়া নির্বাহীরা প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও যৌথ অংশীদারত্ব নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদের সঞ্চালনায় এই আয়োজনে মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।