মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত হোক‍‍` শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ১০:৪৫ এএম

শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত হোক‍‍` শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে তিনি পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ১৫০ জন শিশু সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নির্ধারিত আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এবারের সার্বিক আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত। উৎসবমুখর এই কর্মসূচির অংশ হিসেবে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি শিশুদের মাঝে বিশেষ স্মারক উপহার বিতরণ এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা শৈশব-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সরাসরি মতবিনিময় করবেন সরকারপ্রধান।

তিনি শিশুদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখবেন। অনুষ্ঠানের শেষ পর্বে গুরুত্বপূর্ণ একটি অবকাঠামোগত উদ্বোধন সম্পন্ন হবে। একাডেমির শিশু জাদুঘর ভবনের নিচতলায় নবনির্মিত আধুনিক সোলার প্যানেল ও বিদ্যুৎ সাব-স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।