বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
অভিবাসী সুরক্ষা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএমের সহযোগিতার আশ্বাস

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০২:৪০ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএমের সহযোগিতার আশ্বাস

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএমের তিন সদস্যের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া অভিবাসন করিডোরকে অভিবাসী বান্ধব করার লক্ষ্যে আইওএমের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সামগ্রিক সুরক্ষায় উভয় পক্ষ একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় মালয়েশিয়ার বিভিন্ন জেলখানা ও ডিটেনশন সেন্টারে বন্দি থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি ও কল্যাণমূলক সেবা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আইওএমকে আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা।

একইসঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে। বিশেষ করে মানবপাচারের শিকার ব্যক্তি এবং নারী ভিকটিমদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, প্রত্যাবাসন ও প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কঠোর করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

নিরাপদ অভিবাসনের প্রসারের পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি এবং ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও আইওএমের যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে। এ ধরনের কার্যক্রমে নিয়োগকারী কর্তৃপক্ষ, কর্মী ও ক্ষতিগ্রস্ত ভিকটিমদের সম্পৃক্ত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে, যাতে অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা আরও বৃদ্ধি পায়।