বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৯:০১ পিএম

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ। বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের পাশাপাশি মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড, খুদে বার্তা ও পাসপোর্টসহ নাগরিকদের ব্যক্তিগত নানা স্পর্শকাতর তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ওই চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাদের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চার পুলিশ সদস্য হলেন ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার বাদী ডিবির উপপরিদর্শক আবিদুর রহমান। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ মামলাটির তদন্ত পরিচালনা করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও গ্রেপ্তার চার পুলিশ সদস্য অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে দায়িত্বের অপব্যবহার করেছেন।

তারা প্রতারণামূলক পন্থায় বেআইনিভাবে নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইল রেকর্ড সংগ্রহ করতেন।

এরপর অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা বিক্রি ও হস্তান্তর করতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে তুলে দেওয়া, সিমের কললিস্ট, সর্বশেষ কল লোকেশন এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।