রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
নতুন প্রশাসনিক কেন্দ্র

আগারগাঁওয়ে নতুন সচিবালয় হচ্ছে নিজস্ব অর্থায়নে

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৮:২১ পিএম

আগারগাঁওয়ে নতুন সচিবালয় হচ্ছে নিজস্ব অর্থায়নে

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সরকারের এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নতুন প্রশাসনিক ভবনে দাপ্তরিক কাজ শুরু হবে ২০২৯ সালে।

প্রকল্পের পরিধি ও আর্থিক কাঠামো সম্পর্কে বিস্তারিত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের ৩১ একর জমির ওপর নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করা হবে। পুরো প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। এতে কোনো বিদেশি ঋণ বা অনুদান নেওয়া হবে না। নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২০২৯ সালের মধ্যেই নির্মাণকাজ শেষ করে প্রশাসনিক অফিস চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিনের বৈঠকে প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‍‍`নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়‍‍` করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরাসরি উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তরের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও জনসেবামূলক নীতি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।