শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে: ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৭:২৫ পিএম

বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে: ড. ইউনূস

ছবি - সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে এবং এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। তিনি বিশ্বের সকল মানবাধিকার কর্মীদের বাংলাদেশে এসে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আহ্বান জানিয়েছেন।সোমবার (৬ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈশ্বিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মগওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. ইউনূস বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমি বহু আন্তর্জাতিক মানবাধিকার কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদের সবাইকে বাংলাদেশে আসতে বলেছি। প্রতিটি সফর অবহেলিত বিষয়গুলোকে সামনে নিয়ে আসে এবং আমাদের ভাবতে বাধ্য করে।”

বৈঠকে এফআইডিএইচ সভাপতি অ্যালিস মগওয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি গত ১৫ বছরের শাসনামলে গুম ও বিরোধী মত দমনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে অভিহিত করেন।

আলোচনাকালে গাজার চলমান মানবিক সংকটও গুরুত্ব পায়। অ্যালিস মগওয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে এফআইডিএইচ-এর বিভিন্ন উদ্যোগের কথা জানান এবং এই ইস্যুতে ড. ইউনূসের অবিচল অবস্থানের প্রশংসা করেন। বৈঠকে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা উপস্থিত ছিলেন।