শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সিইসির, গণমাধ্যমের সহযোগিতা কামনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৮:০৮ পিএম

স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সিইসির, গণমাধ্যমের সহযোগিতা কামনা

ছবি - সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ এবং পরিষ্কার করতে চায় নির্বাচন কমিশন, যাতে এই প্রক্রিয়া নিয়ে দেশে বা বিদেশে কোনো প্রশ্ন না ওঠে। তিনি বলেন, “আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী তা দেখুক।”সোমবার (৬ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সিইসি বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে তিনি ‘পার্টনার’ বা অংশীদার হিসেবে দেখতে চান। তিনি বলেন, “আপনাদের পরামর্শ চাই। কারণ আপনারা গুজব, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে প্রায় সাড়ে ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৪৫ লাখ যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসায় এবার বিপুল সংখ্যক নারী ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন।সিইসি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা, পোলিং এজেন্ট এবং পুলিশ সদস্যরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পদক্ষেপও নেওয়া হয়েছে।

সংলাপে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।