অক্টোবর ১৫, ২০২৫, ০৫:০৩ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তৈরি হওয়া বিতর্ক ও অনিশ্চয়তা নিরসনে আজ সন্ধ্যায় এক জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কিন্তু এর মাত্র দুই দিন আগে, সনদের কিছু বিষয় এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হলো।
কয়েকটি দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, “নানা কারণে জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দলগুলো সনদে স্বাক্ষর করবে কী করবে না, তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। হয়তো সেই প্রেক্ষাপটেই ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।”
এর আগে, গতকাল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে কমিশন। আজ কমিশনের বর্ধিত মেয়াদের শেষ দিন হওয়ায়, এই বৈঠকটিকে সনদ স্বাক্ষরের আগে শেষ মুহূর্তের সমঝোতার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে অংশ নেওয়ার জন্য ৩৩টি রাজনৈতিক দলকে জরুরি ভিত্তিতে চিঠি পাঠানো হয়েছে। এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে শুক্রবারের ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ভবিষ্যৎ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন