অক্টোবর ১৮, ২০২৫, ০৩:২৩ পিএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সংলগ্ন একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা দুপুর ২টা ৩৮ মিনিটে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।”
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি বলেন, “ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক দল সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন