অক্টোবর ২২, ২০২৫, ১০:০৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি আজ (বুধবার) থেকে শুরু হয়েছে।সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতির বক্তব্যে উপস্থিত রয়েছেন।নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, ইউএনওদের এই প্রশিক্ষণ আগামী ১১ নভেম্বর পর্যন্ত (সম্ভাব্য) চলবে। প্রতিদিন দুটি ব্যাচে মোট ৫০ জন কর্মকর্তাকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যেই নির্বাচন কমিশন ধাপে ধাপে কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন