সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি‍‍`: শারমীন মুরশিদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ১১:০৬ পিএম

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি‍‍`: শারমীন মুরশিদ

২০২৪ সালের জুলাই গণআন্দোলনের তরুণদেরকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, '২৪-এর তরুণরা দেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে।বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ কর্তৃক আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, 'সাম্য হলো একটি আদর্শ। সাম্য, মানবিক মর্যাদা ও একটি আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১-এর এবং চব্বিশের তরুণরা।' তিনি জোর দিয়ে বলেন, 'একটি সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে অংশগ্রহণকারী তরুণদের কথা আমাদের বারবার স্মরণ করতে হবে এবং তাদের সেই আত্মত্যাগকে মনে রাখতে হবে।'

জুলাই আন্দোলনে শহীদ তরুণদের স্মৃতি স্মরণ করে উপদেষ্টা বলেন, ‘তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে।’ তিনি উল্লেখ করেন, আগামীর বাংলাদেশ গঠন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং সমাজের সকল অসঙ্গতি দূর করার জন্য সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ দেশের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম প্রধান ধারক ও বাহক হবেন সাংবাদিকরা। তিনি বলেন, 'যারা জাতির বিবেক হিসেবে পরিচিত, তারাই হতে পারেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্যের মূল কারিগর। তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।' তাই জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।