রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০১:৪১ পিএম

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে। এই নির্দেশনায় আগামী নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের ‘একান্ত অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পরিপত্রের অনুলিপি সকল উপদেষ্টার একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত পূর্বে জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।নির্দেশনা লঙ্ঘনের উদাহরণ তুলে ধরে পরিপত্রে বলা হয়, অনেক ক্ষেত্রেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং ওই মন্ত্রণালয়ের সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন।

এমনকি একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একযোগে বিদেশ ভ্রমণের প্রস্তাব নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্ববর্তী নির্দেশনার সুস্পষ্ট পরিপন্থী।আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এই নতুন নির্দেশনা জারি করা হলো। নতুন পরিপত্রে আগের সব নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের ওপর জোর দিয়ে বলা হয়েছে, ‘এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।’