সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: ইসি আনোয়ারুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৪:৩০ পিএম

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: ইসি আনোয়ারুল

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ও বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।শনিবার (০১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিস ‘নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এই প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী আইন (আরপিও)-তে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে।তিনি জানান, নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজন মনে করলে বা পরিস্থিতি উদ্ভব হলে তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।

মো. আনোয়ারুল ইসলাম নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য জোরালো আহ্বান জানান।কর্মশালায় পটুয়াখালী জেলার আটটি উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।