নভেম্বর ১, ২০২৫, ০৭:২২ পিএম
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে যত খারাপ কাজ বা 'শয়তানি কাজ' হয়েছে, তার সবই প্রথম ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছিল। তিনি গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, ভুয়া নির্বাচন এবং প্রশাসনের দলীয়করণের মতো সবকিছুর জন্যই সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করে বলেন, "বাকিরা কন্টিনিউ (অব্যাহত) করেছে।"
শনিবার (০১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দৈনিক প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।আইন উপদেষ্টা প্রশাসনকে দলনিরপেক্ষ রাখার তাগিদ দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো প্রশাসনের শীর্ষপদে ‘আমার লোক, তোমার লোক’ খোঁজাখুঁজি করে থাকে। তিনি বলেন, ‘প্রশাসনে ‘তোমার লোক- আমার লোক’ এমন খোঁজাখুঁজি থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সব রাজনৈতিক দলকেই বেরিয়ে আসতে হবে।
ড. আসিফ নজরুল বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি "নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনীতে" পরিণত করেছিলেন। তিনি আরও বলেন, কিছু পুলিশ সদস্য নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়াতে ও টাকা বানাতে সরকার যতটুকু অত্যাচার করতে বলেছে, তার থেকেও দশগুণ বেশি অত্যাচার করেছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে তিনি তাদেরই একজন বলে উল্লেখ করেন।
আইন উপদেষ্টা 'আমার লোক, তোমার লোক' সংস্কৃতি নাগরিক সমাজের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, 'আওয়ামী লীগ আমলে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ আক্রান্ত হওয়ার পর কোনো প্রতিবাদ না হওয়াটাও তার উদাহরণ।'
সরকারের নেওয়া কিছু সংস্কারের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে, এখন থেকে আটকের ১২ ঘণ্টার মধ্যে তার স্বজনদের জানাতে হবে। এ ছাড়া গুমসংক্রান্ত আইনেও সংশোধন করা হয়েছে, যাতে ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তির বিষয়ে পরিবারকে না জানালে সেটি গুম হিসেবে গণ্য হবে।প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে এই গোলটেবিল আলোচনায় আরও অংশ নিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী নূর খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন