নভেম্বর ১, ২০২৫, ০৮:১৭ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, একটি সত্যিকারের কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো এবং জীবনের বাস্তবতা উপলব্ধির সঙ্গে নবীনদের সৃজনশীলতার এক সমন্বিত উদ্যোগ প্রয়োজন।শনিবার (০১ নভেম্বর) ঢাকায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে 'নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব' আয়োজিত দিনব্যাপী 'নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলনমেলা-২০২৫' সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝবো, সমাধানের চেষ্টা করবো, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেবো।’ তিনি আজকের নবীনই যে আগামী দিনের প্রবীণ, সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং এটি একটিই জীবন, যার দুটি অধ্যায় মাত্র। প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই তো গড়ে উঠবে একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল এবং নবীন ও প্রবীণদের প্রতিনিধিরা।
শারমীন এস মুরশিদ তার মন্ত্রণালয়ের কাজের ধরন ব্যাখ্যা করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ অত্যন্ত স্পর্শকাতর এবং এর কাজের পরিধিও বিশাল। এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব। তিনি বলেন, ‘এই মন্ত্রণালয় ব্রিজ নিয়ে কাজ করে না, নির্মাণ নিয়ে কাজ করে না, অসচ্ছল মানুষের উন্নতি কিভাবে করা যায় সেই কাজ করে থাকে। এই কারণে এ মন্ত্রণালয়ের কাজ অত্যন্ত স্পর্শকাতর এবং বিশাল।’
দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ে সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামোগত পরিবর্তন এনেছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৬১ লাখে, বিধবা ভাতাভোগীর সংখ্যা ৩৫ লাখে উন্নীত করা হয়েছে এবং সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, প্রবীণদের একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণ দিতে এবং সামাজিক মেলামেশার সুযোগ করে দিতে বিদেশে অর্থায়নে নির্মিত ৪০০টি ক্লাবের পাশাপাশি সরকার আরও ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নিয়েছে।
তিনি দাদু-নানুদের জীবনের আনন্দের জন্য শিশুদের সাহচর্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, ‘দাদু আর নানুদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে বাচ্চাটি তার সাথে থাকে বলেই।’ তিনি জানান, শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার, হাসপাতালে চিকিৎসা সেবাসহ সর্বোপরি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।উপদেষ্টা প্রবীণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নবীনদের নিয়ে বসুন, আলোচনা করুন কিভাবে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়।’



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন