বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আওয়ামী নাশকতা প্রতিরোধে রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:১৪ এএম

আওয়ামী নাশকতা প্রতিরোধে রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

কথিত লকডাউনের আড়ালে আওয়ামী ফ্যাসিবাদের নাশকতা, জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ বৃহস্পতিবার শক্ত অবস্থান নিয়ে শোডাউন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংগঠন দুটির নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজপথে অবস্থান নেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা কলেজ এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়।

এই মিছিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে শিবিরের নেতাকর্মীরা রাজধানীর অন্তত চৌদ্দটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।

এসব স্থানের মধ্যে রয়েছে উত্তরা বিএনএস, খিলক্ষেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড। এছাড়াও ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে গতকাল বুধবার রাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছিল ইসলামী ছাত্রশিবির। অন্যদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে একটি মিছিল বের করা হয়।

এছাড়াও জামায়াতের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আজ দিনভর মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জনগণের সচেতনতা তৈরি করা এবং রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিরোধ করা। রাজধানীতে এই কর্মসূচির ফলে দিনের শুরুতে বিভিন্ন সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।