নভেম্বর ২৩, ২০২৫, ১০:২৪ এএম
বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতারা। আজ রবিবার (২৩ নভেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শেরিং তোবগের সঙ্গে ড. ইউনূসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকগুলোর একটি স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত ('অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স') এবং অন্যটি টেলিকম ও ইন্টারনেট ব্যান্ডউইডথ বাণিজ্যসংক্রান্ত।
বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এসব সমঝোতায় স্বাক্ষর করেন। সরকারি ব্যস্ততার পাশাপাশি এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ ভুটানের প্রধানমন্ত্রীর সফরের বহুমাত্রিক দিককে তুলে ধরে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন