নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৩৫ পিএম
দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রচলিত কোনও তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফেরানো যাবে না।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, এদেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। তিনি মনে করেন, ইমামদের নেতৃত্বে একটি সোনালি সমাজ প্রতিষ্ঠিত হবে।
তিনি জোর দিয়ে বলেন, মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি যখন সমাজেরও ইমাম হবেন, তখনই সত্যিকারের মুক্তি আসবে। তিনি বলেন, প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি ফিরবে না, নবীজী (স.) এর দেখানো পথে ফিরে যেতে হবে।ডা. শফিকুর রহমান বলেন, মসজিদ কমিটি অবশ্যই খতিব এবং ইমামদের পরামর্শে গঠিত হতে হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।
ইমামদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, "আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।" এর মাধ্যমে তিনি মসজিদের মিম্বারকে সামাজিক ও বিচারিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে দেখতে চাওয়ার ইঙ্গিত দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন