শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করতে কাজ করবে স্বেচ্ছাসেবক দল

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৫ পিএম

খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করতে কাজ করবে স্বেচ্ছাসেবক দল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় খালেদা জিয়ার পক্ষে ভোট নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

২৩ নভেম্বর রবিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান ভুট্টু সভাপতিত্ব করেন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগর সভাটি সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান ভুট্টু বলেন, বেগম খালেদা জিয়াকে সদর আসনে বিজয়ী করার লক্ষ্যে ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতারা নিজ উদ্যোগে প্রত্যেক মহল্লায় নির্বাচনী লিফলেট বিতরণ করবেন।

তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, "স্বেচ্ছাসেবক দলে যারা পদ-পদবিতে নেই, বেগম খালেদা জিয়ার বিজয়ী না হওয়া পর্যন্ত নিজ ইচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাবে, তাদেরকে পদ-পদবি দিয়ে সামনে নেতা তৈরি করবো। এটাই বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের নীতি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ বাবু, বলাই বসাক, খায়রুজ্জামান মিন্টু, রাকিবুল হাসান রাকিব, আসাদুজ্জামান পলাশ, মোস্তাক আলী সুজন, আব্দুস সালামসহ কোতোয়ালী স্বেচ্ছাসেবক দল এবং প্রত্যেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতারা।