নভেম্বর ২৩, ২০২৫, ১০:৫৭ পিএম
রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখানে অন্য কেউ যদি আসে, ওই (দেশের কল্যাণের) উপলব্ধিটা বুঝবে না।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, টাকাকেই এখন বড় করে দেখা হচ্ছে এবং মানুষ অতি দ্রুত বড় লোক হতে চাইছে। তিনি অভিযোগ করেন, "তাড়াতাড়ি ভরাট করো, জায়গা দখল করো।
এখানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি বানাবো...।" তিনি ঢাকার পরিবেশগত ধ্বংসের কথা তুলে ধরে বলেন, কারওয়ান বাজার যেখানে একসময় নদী ছিল, মিরপুরের পাইকপাড়ায় খাল ছিল—সেগুলো এখন আর দেখা যায় না।তিনি বলেন, ভূমিদস্যু ও নগর প্ল্যানার—এদের কাছে খাল, পরিবেশ, নির্মল বাতাস শত্রুপক্ষ। এরা কেউ ভাবেনি যে আমাদের সন্তানদের সুস্থ রাখতে হবে। এদের সবার টাকা দরকার।রিজভী তার বক্তব্যে দুর্নীতি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মধ্যে সরাসরি যোগসূত্র টানেন।
তিনি বলেন, "এ কারণেই আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা কেঁপে গেছি।" তিনি উল্লেখ করেন, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দশজন মানুষ মারা গেল, কারণ দেশের ভবনগুলো ঝুঁকির মধ্যে।তিনি অভিযোগ করেন, এই ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে এবং সমাজের অধিপতি হচ্ছে, যাদের অনেকে ম্যাট্রিক পাসও করেনি। তাদের কাছেই শিক্ষিত যুবকরা চাকরির জন্য ধরনা দিচ্ছে।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "এই ঢাকা শহরে রাজউকের যে এলাকা, সেখানেও ৯৫ শতাংশ অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়। এখানে রাজউক বা অন্যদের চোখ বন্ধ।"
তিনি বলেন, এই সংস্কৃতি শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছেন। ঢাকায় ৫০টির বেশি ক্যাসিনো থাকলেও জড়িতদের আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হয়নি। তিনি বলেন, খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারীদেরই প্রোটেকশন দেওয়া হলো এবং টিকিয়ে রাখা হলো, যার কারণে এই বিপর্যয়।ভূমিকম্পের মধ্য দিয়ে আমাদের উপলব্ধি করা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, "আমরা যারা রাজনীতি করি, তাদের সবার উপলব্ধি করার সময় এসেছে।
তা যদি করতে না পারি, তাহলে একটি শূন্য গর্তে হারিয়ে যাব। আসুন আমরা বাসযোগ্য বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।"অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, আজকের দিনে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে, কষ্ট করে তাদের হয়ত অনেকেই বোকা মনে করতে পারেন। কিন্তু এই বোকারাই দলকে টিকিয়ে রাখে এবং ক্ষমতায় নিয়ে যায়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন