নভেম্বর ২৩, ২০২৫, ১১:০২ পিএম
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে এবং যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, "আগামীতে বাংলাদেশে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভুটান অধীর আগ্রহে রয়েছে।"
বিএনপি মহাসচিব জানান, ভুটানের প্রধানমন্ত্রী বৈঠকের সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি দুই দেশের স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল—
ব্যবসা ও বাণিজ্য
জ্বালানি
দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ।
মির্জা ফখরুল জানান, দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। একইসঙ্গে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ভুটানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন