নভেম্বর ২৬, ২০২৫, ০৩:০২ পিএম
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন,
তাদের খোঁজ-খবর নেন এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির বিষয়ে অবহিত হন।জামায়াত আমির এই অগ্নিকাণ্ডকে 'অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক পরিস্থিতি' হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, "আজকের আগুনে মুহূর্তের মধ্যে অসংখ্য নিম্নআয়ের মানুষের বসতঘর, জীবিকা ও সামান্য সঞ্চয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো নিঃস্ব হয়ে এখন কঠিন মানবিক সংকটের মুখোমুখি।
তিনি বলেন, প্রাণহানি না ঘটলেও এত বিপুলসংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই হারানো গভীর মর্মাহত করেছে।ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দুটি করে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে জামায়াত ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সচেষ্ট হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনায় তাৎক্ষণিক সাহায্য-সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো সরকারেরই উচিত। তিনি জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাইকে:নিরাপদ আশ্রয়, খাদ্য, পানি, চিকিৎসা ও কাপড় সরবরাহ করা।
দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা।
বস্তিবাসীরা সাধারণত নিম্নআয়ের শ্রমজীবী মানুষ—এ কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকারের খতিয়ে দেখা উচিত, এ রকম জনবহুল এলাকায় কেন বারবার অগ্নিকাণ্ড ঘটছে এবং এর মধ্যে কোনো নাশকতা বা সাবোটাজের উপাদান রয়েছে কি না। তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন