শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১০:২১ পিএম

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

রাজধানীর কড়াইল বস্তিতে গত মঙ্গলবারের (২৫ নভেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, বার্ন ইনজুরি ও বিভিন্ন দুর্ঘটনাজনিত সমস্যাসহ মোট প্রায় ১,২০০ রোগী প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধসেবা গ্রহণ করেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্পের প্রথম অংশ পরিচালিত হয় কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে।

দিনব্যাপী এই ক্যাম্পে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা ক্যাম্পে উপস্থিত ছিলেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডা. তৌহিদ উল ইসলাম জন, ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. আলাউদ্দিন এবং ডা. ইসরাত জাহানসহ আরও অনেকে।উল্লেখ্য, দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে এবং চলবে সন্ধ্যা পর্যন্ত।