ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৩৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তপশিল ঘোষিত হয়েছে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাগত জানায়।
তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে।তবে গাজী আতাউর রহমান তপশিলের একটি বিষয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার আটটি দলের দাবিকে উপেক্ষা করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিয়েছে, সেই চ্যালেঞ্জে তারা সফল হবেন, এমন প্রত্যাশা আমরা করি। সেজন্য আমরা সহায়তাও করব ইনশাআল্লাহ। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তারা শেষ পর্যন্ত আশা করেছিলেন যে, সরকার ও নির্বাচন কমিশন আন্দোলনরত আট দলের দাবি মেনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করবে এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজন করবে। তাদের সেই দাবি উপেক্ষিত হলেও জাতির বৃহত্তর স্বার্থে তারা এই তপশিলকে স্বাগত জানাচ্ছেন।
তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। মাঠ প্রশাসনের বিন্যাসে এবং কার্যক্রমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোনো দলের প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আট দলের সঙ্গে আন্দোলনরত আছে এবং তারা তাদের দলীয় পরিসরে ও আট দলের ভেতরে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন। তবে প্রাথমিকভাবে তারা এই তপশিলকে স্বাগত জানাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন