বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:৪৮ পিএম

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন।

দল কোনো ব্যবস্থা নিলেও তিনি নির্বাচনি মাঠ ছাড়বেন না আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় তার পক্ষে সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, “ইনশাআল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করবো। বিএনপি বড় দল, তাদের ভালো-মন্দ বুঝতে হয়। জমিয়তের সঙ্গে জোট রক্ষায় তারা বাধ্য হয়ে আসন ছেড়েছে।”স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে দল থেকে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “যদি ব্যবস্থা নিতে হয়, ওনারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারবো না। তবে আমি নির্বাচনি লড়াইয়ে থাকব।” এদিকে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, তারা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে যাবেন না।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো।”উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির অর্ধডজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে এই আসনটি প্রায়ই প্রধান দুই দল তাদের শরিকদের ছেড়ে দেয়। এবারও জোট রক্ষার বলি হতে হওয়ায় রুমিন ফারহানার এই ‘বিদ্রোহী’ অবস্থান সরাইল-আশুগঞ্জের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।