শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানকে বরণে ৩০০ ফিটে প্রস্তুত বিশাল মঞ্চ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০০ এএম

তারেক রহমানকে বরণে ৩০০ ফিটে প্রস্তুত বিশাল মঞ্চ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজ জন্মভূমিতে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ এবং সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।তারেক রহমানের আগমনের খবরে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, আগামীকাল ভোর থেকেই রাজধানীর চারপাশ থেকে ঢাকামুখী এক অভাবনীয় জনস্রোত শুরু হবে।

বিমানবন্দরে অবতরণ: দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সাথে স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানও থাকছেন।বিশেষ ট্রেন ও পরিবহন: সারাদেশ থেকে নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে ইতোমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন।

শৃঙ্খলা কমিটি: বিশাল এই জনসমাগম সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে একটি শক্তিশালী শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপি ‘জাতীয়তাবাদ ও দেশপ্রেমের অনন্য উদাহরণ’ হিসেবে দেখছে। ১৭ বছর পর তার সরাসরি নেতৃত্বে রাজনীতিতে এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।