ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:০৯ এএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ প্রিয় জন্মভূমির মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি (বিজি ২০২) ইতিমধেই বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে।
দেশের আকাশে ঢোকার পর পরই তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন।ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন: দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
পোস্টের সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে তাকে প্লেনের জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বিমানবন্দরে রাজকীয় প্রস্তুতি: বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে সকাল সোয়া ১০টায় ফ্লাইটটি সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। প্রিয় নেতাকে বরণ করতে বিমানবন্দরে পৌঁছেছে একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি।৩০০ ফিটে জনসমুদ্র: তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) এলাকায় এখন তিল ধারণের ঠাঁই নেই।
প্রিয় নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাত কাটিয়েছেন সমাবেশস্থলে। স্লোগান আর প্ল্যাকার্ডে পুরো এলাকা এখন এক উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে।আজকের কর্মসূচি: বিএনপি সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট সংলগ্ন সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন। সেখানে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।
এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। দিনের শেষে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন বলে আশা করা হচ্ছে।তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন