রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:১২ এএম

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ প্রিয় জন্মভূমির মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি: লন্ডন থেকে আসা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ঠিক ১১টা ৫ মিনিটে উড্ডয়ন করে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

সফরসঙ্গী ও যাত্রার বিবরণ: তারেক রহমানের সঙ্গে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।

ঢাকায় উৎসবের আমেজ: তারেক রহমানকে বরণ করে নিতে আজ সকাল থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মী অবস্থান নিয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ।বিমানবন্দর থেকে বের হয়ে তিনি সরাসরি ৩০০ ফিট সংলগ্ন সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন এবং এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।